
আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা ইবনে সউদের ইতিহাস মূলত একাধারে তীব্র উচ্চাকাঙ্ক্ষা, রক্তপাত আর পশ্চিমা শক্তির সাথে আপোসের এক দীর্ঘ আখ্যান। বিংশ শতাব্দীর শুরুতে যখন প্রথম বিশ্বযুদ্ধ তুঙ্গে এবং অটোমান খিলাফত তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই ইবনে সউদ উম্মাহর পিঠে চরম আঘাতটি হানেন। ১৯১৫ সালে ব্রিটিশদের সাথে তিনি ‘দারিন চুক্তি’ (Treaty of Darin) করেন। মুসলিম উম্মাহর বিপদের দিনে তিনি ব্রিটিশদের কাছ থেকে মাসিক ভাতা আর অস্ত্র নিচ্ছিলেন কেবল অটোমানদের বিরুদ্ধে নিরপেক্ষ থাকার শর্তে! অর্থাৎ, তিনি নিজের ক্ষমতা গোছাতে পশ্চিমা শক্তির স্বার্থ রক্ষায় হাত মিলিয়েছিলেন।
নিজের এই রাজনৈতিক ক্ষমতাকে বৈধতা দিতে তিনি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের ধর্মীয় মতবাদকে চমৎকারভাবে ঢাল হিসেবে ব্যবহার করেন। তৈরি করেন তাঁর অনুগত অথচ দুর্ধর্ষ মিলিশিয়া বাহিনী—’ইখওয়ান’। ব্রিটিশদের মদদে ১৯২৪-২৫ সালের দিকে এই ইখওয়ানদের দিয়েই তিনি মক্কা ও মদিনার তৎকালীন শাসক শরীফ হুসাইনকে পরাজিত করে পুরো হেজাজ দখল করেন। পবিত্র ভূমিতে সে এক রক্তাক্ত ইতিহাস বস্! হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়, গুঁড়িয়ে দেওয়া হয় সাহাবীদের মাজারসহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন—যা পুরো মুসলিম বিশ্বের বুকেই তীব্র ক্ষোভ আর রক্তক্ষরণ ঘটিয়েছিল। এরপর ব্রিটিশ কর্মকর্তা পার্সি কক্সের সাথে বসে মরুভূমির বালুতে স্রেফ লাঠি দিয়ে দাগ কেটে তিনি সীমানা নির্ধারণ করেন এবং নিজের শাসন বাঁচাতে কুয়েত ও ইরাকের সেই সীমানা হাসি মুখে মেনেও নেন। আর সবচেয়ে ভয়ংকর বিশ্বাসঘাতকতার গল্পটা তৈরি হয় ১৯২৯ সালে। ক্ষমতা যখন পাকাপোক্ত, তখন ব্রিটিশদের সীমানা মানতে অস্বীকৃতি জানানোয় নিজের হাতে গড়া সেই ‘ইখওয়ান’ বাহিনীকেই সাবিল্লা যুদ্ধে তিনি নির্মমভাবে কচুকাটা করেন!
আর ইবনে সউদের এই ডাবল গেমের চূড়ান্ত মোড় আসে ১৯৪৫ সালে। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে ‘ইউএসএস কুইন্সি’ (USS Quincy) যুদ্ধজাহাজে বসে তিনি সেই কুখ্যাত চুক্তিটি করেন, যার মূল কথা ছিল—”তুমি আমাদের তেল দাও, আমরা তোমার রাজতন্ত্র বাঁচিয়ে রাখব।” এই একটা চুক্তির মাধ্যমেই ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে মার্কিনিদের সাথে যে দীর্ঘমেয়াদী ‘পিরিতি’ শুরু হয়, তা আজও পেট্রোডলার আর পশ্চিমা তোষণের রাজনীতির মাধ্যমে টিকে আছে। সোজা কথায় বলতে গেলে, ইবনে সউদ একটি ‘উম্মাহ-কেন্দ্রিক’ ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে আস্ত একটি ‘ফ্যামিলি বিজনেস’ (সৌদি রাজতন্ত্র) দাঁড় করিয়েছিলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান